শংকরপাশায় নির্বাচনি সংহিসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকালে প্রতিপক্ষের গুলিবর্ষণে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৭ নভেম্বর)  রাত ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  এ ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক আরও ৭/৮জন আহত হয়েছেন।  রাত ৭ টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল বের করলে সেখানে এই সংঘর্ষ বাঁধে। গুলিবিদ্ধ ফয়সাল মাহাবুব শুভ ও হাসানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত অন্যদের নাম জানা যায়নি। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।