বর্ধিত তেল গ্যাসের দাম  প্রত্যাহার দাবি সম্মিলিত সামাজিক আন্দোলনের

জনদুর্ভোগ নিরসন করার লক্ষ্যে বর্ধিত তেলগ্যাসের দাম প্রত্যাহার করার দাবি করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সম্মিলিত সামাজিক আন্দোলন মনে করে, করোনা বিপর্যয়ে দিশাহারা মানুষের উপর মরার উপর খাড়া ঘা হিসেবে যুক্ত হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, সাম্প্রদায়িকতা।

সর্বশেষ জ্বালানির দাম বৃদ্ধি করে সরকার মানুষের জীবন নিয়ে লুকোচুরির খেলায় মেতে উঠেছে।  জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে উৎপাদন-বন্টন-পরিবহনসহ জন জীবনের সকল ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। মানুষ এখন হতাশ ও দিশাহারা। জন জীবনের এই বিপর্যয় মোকাবিলায় জাতীয় জাগরণ গড়ে তুলতে হবে। সকল সামাজিক, সাংস্কৃতিক, শ্রেণী-পেশা ও রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলে সরকারকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, সকল অনিয়ম, লুটপাট বন্ধ করা ও জ্বালানিসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে বাধ্য করতে হবে।

গতকাল রবিবার সামাজিক আন্দোলন ঢাকা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এসব কথা বলা হয়। সংগঠনের ঢাকা মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জুবায়ের আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সম্মেলন প্রস্তুতি কমিটির উপদেষ্টা এ কে  আজাদ, এ্যাডভোকেট পারভেজ হাসেম, ঢাকা মহানগর সদস্য সচিব জাগাঙ্গীর আলম ফজলু, ড. সেলু বাসিত, আব্দুল ওয়াহেদ, বেলায়েত হোসেন, বাবলু হাওলাদার, ছাত্র নেতা তুষার আব্দুল্লাহ প্রমুখ।