বঙ্গোপসাগরের ট্রলারে আগুনের ঘটনায় আরও এক জেলের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারের ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৪ জেলের আরও একজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ১টার দিকে তিনি মারা যান বলে জানা গেছে।

মারা যাওয়া জেলে দু’ছেলের সন্তানের জনক ফরিদুল আলম (৪৫) কুতুবদিয়ার দক্ষিণ ধরুং ইউনিয়নের মশরফ আলী বলিরপাড়ার মৃত আলী আহমদের ছেলে। গত ৩০ অক্টোবর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার অলিপাড়া পয়েন্টে পৌছার পর পরই তাদের ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়।

পরে আগুন লাগে তেলের ড্রামেও। এভাবে পুরো বোটে আগুন লেগে গেলে ২২ জেলের মধ্যে ১৪ জনই দগ্ধ হন। পরে তারা সাগরে ঝাঁপ প্রাণে রক্ষা পান।  সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাদেরকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ছয় জেলেকে চমেক থেকে ঢাকায় পাঠানো হয় বলে জানান কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রেজাউল হাসান।

দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, আমার এলাকার আনসার হোসেনের মালিকানাধীন ট্রলারে অগ্নিকান্ডের ঘটনায় চিকিৎসাধীন ফরিদ নামে এক জেলে মারা গেছে। এছাড়া সাইফুল, নুরুল হোসাইন, মিনহাজ, দিলসাদ, এবং সাদ্দাম এখনো ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন আরএমও।