তবুও আগামী বিশ্বকাপের ভাবনায় নেই লেগ স্পিনাররা

বিশ্বের প্রায় প্রতিটি সেরা ক্রিকেট দলেই লেগ স্পিনার রয়েছে। দলের জয়েও তারা নিয়মিত অবদান রাখছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই ঝলক দেখা গেছে। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ দলে। বিশ্বকাপ স্কোয়াডে রিজার্ভ খেলোয়াড় হিসেবে মরুর দেশে গিয়েছিলেন একমাত্র লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু এক সপ্তাহ পরই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই লেগ স্পিনারদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের অস্বস্তিতে ভুগতে দেখা গেছে। তবুও আগামী ২০২২ সালে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য দলে কোনো লেগ স্পিনার রাখার ভাবনা নেই বিসিবির। তবে ভবিষ্যতের জন্য তৈরি করা হবে। সে জন্য সময় লাগবে। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

গতকাল (৭ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘২০২২ বিশ্বকাপেও লেগ স্পিনার খেলানোর সম্ভাবনা নেই। হঠাৎ করে লেগ স্পিনার তৈরি করা যাবে না এবং এটা তো সহজ কাজ নয়। আমাদের ঐ মানের লেগ স্পিনার নেই। যদি অ্যাডাম জাম্পা কিংবা ইশ সোধির মতো কেউ থাকতো তাহলে একটা কথা ছিল।’

তবে সময় নিয়ে জাতীয় দলের জন্য লেগ স্পিনারদের গড়ে তোলা হবে জানিয়ে সুজন বলেন, ‘এ জন্য তাদের নিয়মিত ম্যাচ খেলাতে হবে। এ বিষয়টিতে উন্নতি করতে হবে। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে একজন লেগ স্পিনারকে দিয়ে নির্দিষ্ট সংখ্যক ওভার বল করানো নিশ্চিত করতে হবে। আর সেই ব্যবস্থা করে দেওয়া গুরুত্বপূর্ণ।’

ইত্তেফাক/টিএ