জামালপুরে বাবা হত্যার দায়ে ছেলেকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল ভদ্র জানান, ইসলামপুর উপজেলার কৃষ্ণনগর (পূর্ব শশারিয়াবাড়ী) এলাকার অজর উদ্দিন তার ছেলে রুকনুজ্জামানকে হাফেজি লাইনে লেখাপড়া করান। ২০১২ সালের রমজান মাসে ছেলেকে গ্রামের মসজিদে ইমামতি করতে বলেন অজর উদ্দিন। ছেলে ইমামতি করতে রাজী না হলে তিনি ছেলেকে বকা দেন। পরে ২০১২ সালের ২১ জুলাই সেহরি খেতে বসেন অজর উদ্দিন ও তার স্ত্রী কমলা বেগম। এ সময় রুকনুজ্জামান লাঠি দিয়ে তার বাবাকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় স্ত্রী কমলা বেগম বাদি হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।