ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নুরনগর গ্রামে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে একটি খামারের ১১০টি হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ নভেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। খামারের মালিক স্থানীয় মো. ফারুক হোসেন এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন। নবাবগঞ্জ থানার সহকারী উপ-রিদর্শক মো.সোহরাব হাসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
মো. ফারুক হোসেন জানান, নুরনগর ব্রিজের পাশে তিনি একটি হাঁসের খামার করেছেন। খামারে ১১০টি হাঁস ছিল। সোমবার বিকেলে খামারের কর্মচারী নামাজ পড়তে গেলে হাঁসের খাবারের সঙ্গে কেউ বিষাক্ত কিটনাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে হাঁসগুলো মারা যায়। এতে তার প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিবেশী বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে হাঁস মেরে প্রতিশোধ নিতে হবে কেন?’
নবাবগঞ্জ থানার সহকারী উপরিদর্শক মো.সোহরাব হাসান তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে যাবো।