রাজশাহীতে দালালচক্রের ১৫ সদস্য গ্রেফতার 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দালালচক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৮ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। 

গ্রেফতারকৃতরা হলো, মো. শাহজাহান আলী (২৮), মোসা. খাতিজা তিশা (২৫), মো. আব্দুল হান্নান (৫০), মো. শামসুজ্জোহা ভুট্টু (৪৫), মো. জিম (২০), মো. সুমন (২৫), মো. হাদিউল ইসলাম (৩৫), মো. নাইম হোসেন (৩২), মোসা. প্রিয়া (৩৫), মোসা. তাহমিনা বেগম (৩৭), মোসা. আসমা (৪৫), মোসা. রিতা (৩২), মো. মুকুল হোসেন (৪০), মো. সোহানুর রহমান (২৫) ও মো. পলাশ (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আসা রোগীদের ভালো চিকিৎসা ও দ্রুত রিপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছিলো। দাবিকৃত টাকা না দিলে রোগীকে অথবা রোগীর সঙ্গে থাকা আত্মীয় স্বজনদের অপহরণ করে গুম করাসহ বিভিন্ন ভয়ভীতি দেখাতো। সম্প্রতি তাদের প্রতারণার স্বীকার আব্দুল খালেক নামে এক ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রতারক, চাঁদাবাজ এবং দালালচক্রের সদস্যদের সনাক্ত করে গ্রেফতারে অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ডিবির উপ-কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম রামেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে প্রতারক, চাঁদাবাজ ও দালালচক্রের সক্রিয় ১৫ সদস্যকে গ্রেফতার করেছে। এ সংক্রান্তে আব্দুল খালেকের লিখিত এজাহারের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।