লন্ডন থেকে প্যারিসের পথে প্রধানমন্ত্রী

লন্ডন সফর শেষে ফ্রান্সের প্যারিসের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের পথে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

প্রধানমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। (খবর-বাসস)

 

ইত্তেফাক/এনএ