ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা হলো আকাশ শেখ, রনি শেখ ও শিপন শেখ।
এএসপি জানান, গত রবিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে প্রায় ১ কিলোমিটার দূরে চকের মধ্যে নিয়ে যায় আসামিরা। সেখানে পালাক্রমে ধর্ষণ করে। কিশোরীকে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় আসামিরা। এরপর ওই কিশোরী বাড়িতে ফিরলে পরিবারের সদস্যরা রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মো. জামাল পাশা জানান, সোমবার (৮ নভেম্বর) রাতে এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ ৩ জনকে গ্রেফতার করে। আরেক আসামি পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
এএসপি আরও জানান, ধর্ষণের শিকার কিশোরী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত রাতেই তার অস্ত্রোপচার হয়েছে।