যুবকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকাসহ আটক ২ 

রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় বুলবুল আহমেদ নামের (২৬) এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মৃতের প্রেমিকা ও আরেক তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

মৃত বুলবুল আহমেদ জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। অন্যদিকে আটক প্রেমিকা একই এলাকার এক সন্তানের মা তুলি। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বুলবুল তার প্রেমিকা ও আরেক তরুণীসহ নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁ থেকে খাবার পার্সেল নেন। এরপর রেস্টুরেন্টের বাইরে বুলবুলকে বুকে গুরুতর ছুরিকাহত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘এটা হত্যা না আত্মহত্যা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শরীরে ছুরিকাঘাতের পাশাপাশি মুখে বিষপানের আলামত রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় তার প্রেমিকাসহ তাদের সঙ্গে থাকা আরেক তরুণীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’