পোল্যান্ড-বেলারুশ সীমান্তে হঠাৎ উত্তেজনা

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা দেখা দিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে পোল্যান্ড। তাদের অভিযোগ, শত শত অভিবাসনপ্রত্যাশীকে পোল্যান্ডে ঢুকতে উৎসাহিত করে উস্কানি দিচ্ছে বেলারুশ। মঙ্গলবার (৯ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে শত শত মানুষ পোল্যান্ডে ঢোকার চেষ্টা করার পর সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো বলছে এই সমস্যা সৃষ্টি করছে বেলারুশ। তবে দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সীমান্ত এলাকায় এখন রাতের বেলা তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন অভিবাসীর মৃত্যু হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ইইউ জোটের বাইরের দেশ বেলারুশ এবং তার প্রতিবেশি ইইউ দেশগুলোর মধ্যে রাজনীতির খেলায় এই অভিবাসীদের দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে।