অবশেষে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সঙ্গে অস্ত্রবিরতি করতে বাধ্য হলো পাকিস্তান সরকার। আপাতত এক মাসের জন্য সমঝোতায় পৌঁছেছে দুইপক্ষ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ চুক্তি বলবৎ থাকবে। এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান সরকার ও নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান একটি পূর্ণাঙ্গ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। দুই পক্ষের আলোচনা চলমান রয়েছে। তাই অস্ত্রবিরতির মেয়াদ আরও বাড়তে পারে।’
নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টার মাধ্যমে পশ্চিমা বিশ্বে পরিচিতি পায় টিটিপি। সংগঠনটির একের পর এক আত্মঘাতী হামলা ও বোমা হামলায় এরই মধ্যে পাকিস্তানের কয়েক হাজার সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন।