ত্রিশালে সড়ক দুর্ঘটনা: নিহত বেড়ে ৫

ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। আজ বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ত্রিশাল-বালিপাড়া রোডের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিস, ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজি অটোরিক্সার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), বাঘাদাড়িয়া গ্রামের আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), চকরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০), বাগান গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে সালাম নবী (৩২)।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিক্সাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বাঘাদাড়িয়া গ্রামের মিনা ও সোহরাব উদ্দিন, বাগান গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে সালাম নবী (৩২)।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

ত্রিশাল থানার এস.আই আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়।