কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাটাদহ মাঠে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার ভোরে বন্দুকযুদ্ধে হতাহাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪৫) ও কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল (৪৩)।
পুলিশ জানায়, ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়ক সংলগ্ন কাটাদহ মাঠে দুইদল ডাকাতের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। খবর পেয়ে দৌলতপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতের দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি এলজি বন্দুক, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। এ সময় এসআই আসাদ ও কনস্টেবল জিয়া আহত হন বলে পুলিশ দাবি করে।
নিহত মুফা ও মাহাবুল দুর্ধর্ষ ডাকাত সদস্য এবং এদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্যানেল কোডের ৩০২ ধারা ও অস্ত্র আইনে থানায় মামলা রুজু হয়েছে।
ইত্তেফাক/অনি