সোয়া চার লাখ টাকার ড্রোন নিয়ে এলো ডিজেআই

ড্রোন ক্যামেরার বাজারে বেশ পরিচিত নাম ডিজেআই। সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ ড্রোন ক্যামেরা ‘ম্যাভিক’ সিরিজের নতুন দুইটি ড্রোন বাজারে উন্মোচিত হয়েছে। একটি হচ্ছে ম্যাভিক থ্রি ও অন্যটি ম্যাভিক থ্রি সিনে।

ম্যাভিক সিরিজের ড্রোনদুইটিতে রয়েছে ১.৩৩ ইঞ্চির ২০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর। এই সেন্সরটি বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসলব্লাডের তৈরি। এই ক্যামেরাটি দিয়ে ৫.১কে রেজোলিউশনে সর্বোচ্চ ৫০ এফপিএস ফ্রেমরেটে ভিডিও করা যাবে। এছাড়াও ফোর-কে রেজোলিউশনে সর্বোচ্চ ১২০ এফপিএস ফ্রেমরেটে ভিডিও করা যাবে। ম্যাভিক থ্রি সিনে ড্রোনটি অ্যাপল প্রো-রেজ ভিডিও ফরম্যাট সমর্থিত। যা দিয়ে উচ্চ ডায়নামিক রেঞ্জসম্পন্ন ভিডিও ধারণ করা যাবে।

মূল ক্যামেরার পাশাপাশি ১২ মেগাপিক্সেলের টেলি ক্যামেরা রয়েছে যা দিয়ে দূর থেকে জুম করে ভিডিও বা ছবি ধারণ করা যাবে। ক্যামেরা দুইটি ৩-অ্যাক্সিস মোটরাইজড গিম্বালে স্থাপন করা হয়েছে, যার ফলে অনেক স্থিতিশীল ভিডিও ধারণ করা যাবে।

ম্যাভিক থ্রি’র ইন্টারনাল স্টোরেজ ৮ গিগাবাইটের হলেও আলাদা এসডি কার্ড ব্যবহার করা যাবে। অন্যদিকে ম্যাভিক থ্রি সিনে’র ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ১ টেরাবাইটের দ্রুতগতিসম্পন্ন এসএসডি স্টোরেজ।

দুইটি ড্রোনই একটানা ৪৬ মিনিট উড্ডয়নে সক্ষম। ড্রোনদুইটি সর্বোচ্চ ৩০ কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে এবং সর্বোচ্চ ১৫ কিলোমিটার দূরত্বে ভিডিও প্রেরণে সক্ষম। ‘অ্যাক্টিভ ট্র্যাক’ ফিচারের মাধ্যমে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে ভিডিও ধারণ করা যাবে। ড্রোনটিতে রয়েছে ‘অবস্ট্যাকল সেন্সিং’ ফিচার যার মাধ্যমে ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে যাত্রাপথে বাধাবিপত্তি থাকলে তা অতিক্রম করে যেতে পারবে।

ড্রোনদুইটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যা ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে। পেশাদার সিনেমাটোগ্রাফারদের লক্ষ্য করে তৈরি করা অসাধারণ সব ফিচারে ঠাসা এই ড্রোন দুইটির দাম অনেকটা আকাশচুম্বীই বলা চলে। ম্যাভিক থ্রি ড্রোনটির দাম শুরু ২১৯৯ ডলার থেকে। বাংলাদেশি টাকায় যা প্রায় দুই লাখ টাকার কাছাকাছি। অপরদিকে ম্যাভিক থ্রি সিনে ড্রোনটির দাম ধরা হয়েছে ৪৯৯৯ ডলার যা বাংলাদেশি টাকায় চার লক্ষ টাকার বেশি।