পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে মানবিক সহায়তা

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। এলাকার আর্থসামাজিক উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে সেনাবাহিনীর এ ইউনিটটি।

এরই ধারাবাহিকতায় বুধবার (১০ নভেম্বর) বিকালে গুইমারা ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর আয়োজনে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় ১৭টি পরিবারকে সেলাই মেশিন প্রদান ও শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান এসময় উপস্থিত থেকে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাত কমিটির সদস্য প্রফেসর ড. মোরশেদুল হক, বোর্ড সদস্য নাফিজ চৌধুরী প্রমুখ।