কুষ্টিয়া মিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় জয়নাল আবেদীন নামে এক প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুর্শা ইউনিয়নের তিতুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার মৃত্যু হয়।
তিনি ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার এ তথ্য নিশ্চিত করেন। জয়নাল আবেদীন মিরপুর উপজেলার নীমতলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে প্রিসাইডিং অফিসার জয়নাল আবেদীন ওই ভোট কেন্দ্রে যান। সে সময় তিনি একটু অসুস্থ ছিলেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসা করানোর কথা বলা হয়েছিল। রাত সোয়া এগারোটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।