রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ডুবে জমির শেখ (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. সাবেকুল ইসলাম।
মৃত জমির শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজী পাড়ার হাছেন শেখের ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টায় জমির শেখ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় একটি বোলগেট থেকে বস্তায় ভরা চাউল নামানোর কাজ করছিলেন। এ সময় তিনি বোলগেট থেকে ঘাটে নামতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজের দুই ঘণ্টা পর ওই দিন সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে জমির শেখের লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, ‘উদ্ধারের পর জমির শেখের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’