সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সমরেন্দ্রনাথ দেব (৫৫) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ঘর ব্রিজে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম।

নিহত সমরেন্দ্রনাথ দেব উপজেলার বনকুড়ি গ্রামের নারায়নচন্দ্র দেবের ছেলে এবং বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

প্রত্যক্ষ দর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে সিংড়া উপজেলা সদরে আসার পথে চৌগ্রাম ব্রিজে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাল ঘর ব্রিজে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হন সমরেন্দ্রনাথ দেব। 

উপ-পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম বলেন, আমরা সরেজমিনে গিয়ে লাশটির সুরতহাল করি। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত না করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।