রংপুর মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে মুসফিকুর রহমান (২৬) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলেজের পিন্নু ছাত্রাবাসের তৃতীয় তলার ৪৭ নম্বর কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। তবে শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।
তিনি জানান, বিকেল ৫ টার দিকে কলেজের পক্ষ থেকে খবর জানানোর পর ছাত্রাবাসের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের শরীর শক্ত ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, মুসফিকুর রহমান নীলফামারীর জলঢাকা উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চার মাস আগে বিয়ে করেছেন। তার বাবার নাম গোলাম মোস্তফা। গত দু’বছর আগে তার মেডিকেল কলেজ পাস করার কথা ছিল। তার সহপাঠী অনেকেই ইন্টার্ন শেষ করেছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূরুন্নবী লাইজু বলেন, মৃত্যু শিক্ষার্থী ৪৩তম ব্যাচের। সে পাস না করায় পিছিয়ে পড়েছে। বর্তমানে ৪৫তম ব্যাচের পরীক্ষা চলছে। তারও পরীক্ষা চলছিল।সে তার কক্ষে একাই ছিলেন।