এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২১ গ্রহণ করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন। শুক্রবার (১২ নভেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ অডিটোরিয়ামে তাদের হাতে এই পুরস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে ও এদেশের নবীন-প্রবীণ কথাসাহিত্যিকদের শিল্পসৃষ্টিতে প্রেরণা যোগাতে ২০১৫ সাল থেকে 'কথাসাহিত্যে সার্বিক অবদান' ও 'নবীন সাহিত্য শ্রেণি' দুটি ক্যাটাগরিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।
‘কথাসাহিত্যে সার্বিক অবদানের জন্য’ পুরস্কার পেয়েছেন সেলিনা হোসেন ও নবীন সাহিত্য শ্রেণীতে 'মৃত অ্যালবাট্রস চোখ' বইয়ের জন্য পুরস্কার পেয়েছেন ফাতেমা আবেদীন। অনুষ্ঠানের শুরুতে হুমায়ূন আহমেদের স্বরচিত গান পরিবেশন করেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন৷ পুরস্কার হাতে তুলে দেওয়ার আগে সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পুরস্কার গ্রহণ শেষে সেলিনা হোসেন বলেন, "লেখক হিসেবে পুরস্কৃত হয়ে গৌরব অর্জনকে আমার সামাজিক প্রেক্ষাপটে অনেক বড় একটি দিক মনে করি। যে দিকটা ধারণ করে আমি আলোকিত করতে পারব, অনুপ্রাণিত করতে পারব।"
কথাসাহিত্যিক ফাতেমা আবেদীন বলেন, “মৃত অ্যালবাট্রস চোখ” বইটিতে একটি গল্প আমি হুবহু হুমায়ূনআহমেদকে অনুসরণ করে লেখার চেষ্টা করেছি এবং আমার জীবনের প্রথম পুরস্কার তার নামে পাওয়া‑ এটা আমার জন্য অনেক বড় ঘটনা। ছোটবেলায় আমার বিনোদনের একমাত্র মাধ্যম ছিল বই। পুরো পৃথিবী আমার কাছে এসেছে বইয়ের মাধ্যমে, আমিও বইয়ের মাধ্যমে পুরো পৃথিবীর কাছে পোঁছাতে চাই।"
কথাশিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন, কথাসাহিত্যিক ড. জাফর ইকবাল, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আবদুল বারীসহ অনেকে।