বিজয়ী ঘোষণার দাবিতে আওয়ামী লীগ প্রার্থীর অনশন

নিজেকে বিজয়ী ঘোষণার দাবিতে অনশন করেছেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির। 

শুক্রবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নিজেকে বিজয়ী ঘোষণা করতে এ অনশন শুরু করেন আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান প্রার্থী।

নির্বাচনে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অভিযোগ তুলে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বলেন, নির্বাচন সংশ্লিষ্টরা আমার বৈধ ভোট ফেলে রেখেছে। যা আমি পরবর্তীতে উদ্ধার করেছি। প্রশাসনের একটি সিন্ডিকেট বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আমার কর্মী-সমর্থকদের মারধর ও গ্রেফতারও করেছে। এখন আমি ভোটে জিতেছি, আমাকে কেন বিজয়ী ঘোষণা করা হচ্ছে না? 

এসময় অনশনে নাসিরের সঙ্গে নারী-পুরুষসহ কয়েক হাজার কর্মী-সমর্থকরাও অংশ নেন। পরে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কোবিরসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুরোধে দুই ঘণ্টা পর অনশন ভঙ্গ করেন নাসির ও তার সমর্থকরা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।