ইবিতে হল প্রাধ্যক্ষের কক্ষে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলে প্রাধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (১৩ নভেম্বর) দুপুর ২টা থেকে ঘন্টাব্যাপী তালা মেরে রাখা হয়।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে হলের ওয়াইফাই সংযোগের ধীরগতি, নিম্নমানের খেলার সামগ্রী ক্রয়, রিডিং রুমের বেহাল দশা, অপরিষ্কার শৌচাগারসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। তবে এসব সমস্যার বিষয়ে একাধিকবার হল প্রাধ্যক্ষের নিকট অভিযোগ করলেও তারা প্রতিকার পাননি। সর্বশেষ সমস্যা সমাধানের দাবিতে প্রাধ্যক্ষের কার্যালয়ে তারা তালা ঝুলিয়ে দেন। পরে ছাত্রলীগ নেতাদের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। 

এ প্রসঙ্গে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. গৌতম কুমার দাস বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলতে আগ্রহী নই।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন দৈনিক ইত্তেফাককে বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি সমাধান হয়েছে। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে প্রভোস্ট ও হলবডি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।