মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফেনীর ফুলগাজী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেজবাহ উদ্দিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) উপজেলার দক্ষিণ ধর্মপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মেজবাহর এবার উপজেলার রৌশনাবাদ একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুচা গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে মেজবাহ বাড়ি থেকে পাশের এলাকা কিল্লার দীঘি যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ ধর্মপুর এডুকেশন স্টেট স্কুলের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ফুলগাজী থানার এসআই আমির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।