দেশীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা ছিলেন পারভীন সুলতানা দিতি। ২০১৬ সালের ২০ মার্চ মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে মারা যান তিনি। শেষ ইচ্ছা অনুযায়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন দিতি।
সম্প্রতি নারায়ণগঞ্জে কামাল নামে একজনের বাড়িতে গিয়েছিলেন ওমর সানি। সেখানে গিয়ে তার মনে পড়ে প্রয়াত দিতির কথা। দেরি না করে চলে যান দিতির কবরের কাছে। প্রিয় অভিনেত্রীর কবর জিয়ারত করে তার আত্মার শান্তি কামনা করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পরিচালক জাহিদ হোসেন, আরিফসহ আরও কয়েকজন।
সেই মুহূর্তে তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে ওমর সানি লিখেছেন, সোনারগাঁও যেতেই মনে হল আমাদের অভিনেত্রী দিতি আপার কবর নিকটে, মিস করলাম না চলে গেলাম শ্রদ্ধা জানাতে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওখানে গিয়ে ভীষণ শান্তি পেলাম।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচির মাধ্যমে দিতির পথচলা শুরু। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে দিতি অভিনীত প্রথম ছবিটি মুক্তি পায়নি। আজমল হুদা মিঠুর পরিচালনায় তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘আমিই ওস্তাদ’। এরপর দিতি অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে। সাবলিল অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন চিত্রনায়িকা দিতি। দেখতে দেখতে তার মৃত্যুর প্রায় ছয় বছর হতে চললো।
ইত্তেফাক/বিএএফ