ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার কাজি তানভীর আহমেদ (২৭) নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, তানভির আহমেদ সকাল সাড়ে ৮টার দিকে  মোটরসাইকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মস্থলে রওনা দেন। পথে ভেড়ামারার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সামনে তার মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে  ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তানভির আহমেদ চুয়েটের ১০ ব্যাচের ছাত্র ছিলেন। পরে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যোগদান করেন। তিনি ভেড়ামারার মধ্য বাজার এলাকার কাজি ইকবালের ছেলে।