নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৪ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদা কাজেম আলী হাওলাদারকে (৭২) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কাজেম আলী হাওলাদার পটুয়াখালী জেলার তালতলা থানার জাকিতা ভোগের মৃত আপেজ হাওলাদারের পুত্র ও ফতুল্লা থানার পাগলা রসুলপুর পশ্চিম পাড়ার নজরুলের ভাড়াটিয়া।
রবিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে ফতুল্লা থানার পাগলা রসুলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, নির্যাতিত কিশোরীর মা দুই বছর পূর্বে মারা যায়। পরে কিশোরীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যস্থানে বসবাস শুরু করে। তখন থেকে কিশোরীটি তার দাদা-দাদির সাথে বর্তমান ঠিকানার বাসায় বসবাস করে আসছিলো। চলতি বছরের আগস্ট মাসের ১৭ তারিখ রাতে কিশোরীকে প্রথমবারের মতো ধর্ষণ করে। পরবর্তীতে সে একাধিকবার কিশোরীটিকে ধর্ষণ করে।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।