গলাচিপায় নির্বাচনোত্তর সহিংসতায় নিহত ১, গ্রেফতার ৩

গলাচিপায় নির্বাচনোত্তর সহিংসতায় একজন নিহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হামিদ পল্লানের ছেলে দুদা পল্লান হামলার তিনদিন পর শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারা যান।

এ ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই নিহতের স্ত্রী রেহানা বেগম তার স্বামীর ওপর হামলার ঘটনায় গলাচিপা থানায় বিজয়ী মেম্বার মঞ্জু ও নেছারসহ ২৩ জনকে আসামি করে মামলা করেন।

গত ১১ নভেম্বর গলাচিপা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নির্বাচনে পক্ষে কাজ না করায় ওই দিন রাতে ফল ঘোষণার পর বিজয়ী মেম্বার মঞ্জু ও তার বড় ভাই মো. নেছারের নেতৃত্বে একদল সমর্থক দুদা পল্লানের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে।

স্থানীয়রা গুরুতর আহত দুদাকে উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় দুদাকে বরিশাল থেকে ঢাকায় পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে দুদা পল্লান মারা যান।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলার ১ ও ২ নম্বর আসামিসহ মোট ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।