হিন্দুত্ববাদ নিয়ে বই লেখার জেরে ভারতের সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা-আগুন

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা সালমান খুরশিদের নৈনিতালের বাড়িতে হামলা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, গত সপ্তাহে অযোধ্যা নিয়ে তার লেখা বই ‘সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইম’ প্রকাশিত হয়েছে। যার কারণে তার বাড়িতে হামলা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত ওই বইয়ে হিন্দুত্ববাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তুলনা টেনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রকাশ্যে অভিযোগ করেছে, সালমান ভারতের হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করারও অভিযোগ তুলেছে দলটি।

সেই বিতর্ক শুরুর তিন দিন পরই উত্তরাখন্ডের পাহাড়ে সালমান খুরশিদের বাড়িতে হামলার ঘটনা ঘটল।

এরপর সালমান খুরশিদ ফেসবকে এক পোস্টে লিখেছেন, যে বন্ধুরা একদিন এখানে এসেছিলেন তাদের জন্য এই দরজা আমি খুলে দিতে চেয়েছিলাম। যদি বলি, এই ঘটনা কিছুতেই হিন্দুধর্মকে প্রতিনিধিত্ব করে না, তাহলে কি আমি ভুল বলছি?