শুরুতেই সূচকের বড় উত্থান 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। শুরুতেই বেড়েছে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮০ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে প্রায় চারশ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইট বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাত হাজার ৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৭৬ পয়েন্টে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সবকটি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে যায়।