টংগীবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন হালদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়াসহ দলীয় শৃঙ্খলা  ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে টংগীবাড়ী উপজেলা আওয়ামী লীগ। 

টংগীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক ও সাধারণ সম্পাদক আহসান হালদার কবির স্বাক্ষরিত আওয়ামী লীগের দলীয় প্যাডে স্বাক্ষরের মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কারের এই আদেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার (১৪ নভেম্বর) টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের কমিটির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এ ব্যাপারে আওলাদ হোসেন হালদার বলেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এমন কোনো চিঠি এখনো আমি পাইনি।’

এ ব্যাপারে টংগীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক বলেন, ‘দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওলাদ হোসেন হালদারকে বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে থেকে বহিষ্কার করা হয়েছে।’

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফায় টংগীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়ন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন  সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী দুলাল। নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন বহিষ্কৃত আওলাদ হোসেন।