‘বঙ্গবন্ধু’ বায়োপিকে জাফনা সুবাইতা হাসান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের শিল্পী তালিকা আগেই ঘোষণা হয়েছে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এবার এই সিনেমায় যুক্ত হলো শিশুশিল্পী জাফনা সুবাইতা হাসান। এতে বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্যের ভূমিকায় দেখা যাবে ৭ বছর বয়সী সুবাইতাকে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসিতে এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে সুবাইতা। বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন সুবাইতার মা ফাহমিদা আক্তার পপি।

আজ ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে চুক্তিবদ্ধ হয়েছে জাফনা সুবাইতা হাসান। ছবি: সংগৃহীত

ফাহমিদা আক্তার পপি জানান, ‘সুবাইতার দাদা-নানাভাই দুইজনই মুক্তিযোদ্ধো ছিলেন। পারিবারিকভাবে সে বঙ্গবন্ধুর চেতনা লালন করে বড় হচ্ছে। এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ায় সুবাইতা অনেক খুশি। ঐতিহাসিক এই ছবিতে আমার মেয়ে যুক্ত হওয়ায় মা হিসেবে আমি গর্বিত।’

‘বঙ্গবন্ধু’ বায়োপিক পরিচালনা করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়।

জাফনা সুবাইতা হাসান। ছবি: সংগৃহীত

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে ফজলুর রহমান বাবু, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ, জেনারেল আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূরসহ শতাধিক অভিনয়শিল্পী।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

ইত্তেফাক/বিএএফ