অপেক্ষা আর মাত্র কয়েকটা ঘণ্টার। তারপরেই বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার মাঠে আবারও দেখা হচ্ছে এই দুই দলের। ইনজুরির কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ঊরু ও তলপেটের আশপাশে তীব্র ব্যথার কারণে আর্জেন্টিনার বিপক্ষে দলে রাখা হয়নি তাকে।
গুরুত্বের বিচারে ব্রাজিলের কাছে এটা নিছকই নিয়মরক্ষার ম্যাচ। কারণ ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে তারা। অন্যদিকে মেসিদের সুযোগ আছে ব্রাজিলকে হারিয়ে তাদের সঙ্গী হওয়ার। যদিও অন্য ম্যাচগুলোর ফলও মেসিদের পক্ষে আসতে হবে।
কোপা আমেরিকার ফাইনালের পর ব্রাজিল-আর্জেন্টিনার আবার দেখা হয়েছিল সাও পাওলোতে। লিওনেল মেসি, নেইমার, তিতে, লিওনেল স্কালোনিসহ সবাই খুব চেয়েছিলেন ম্যাচটা যেন হয়। কিন্তু ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের ‘অদ্ভুত’ প্রতিবাদে পাঁচ মিনিট পরই বন্ধ হওয়া সেই সুপারক্লাসিকো আর দেখতে পারেনি ভক্ত সমর্থকরা। তবে কোপা আমেরিকা ফাইনালের হারের বদলাটা যে নেওয়া বাকি আছে ব্রাজিলের। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে প্রস্তুত সেলেকাওরা। পক্ষান্তরে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার জন্য একটি জয় প্রয়োজন আর্জেন্টিনার। ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে শুভকাজ সম্পন্ন করতে প্রস্তুত লিওরা। সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। সব খেলা মিলিয়ে শেষ ২৬টি ম্যাচে অপরাজেয় তারা।
আক্রমণভাগে রীতিমতো আলো ছড়াচ্ছেন মেসি, লাওতারো মার্তিনেজ, ডি মারিয়ারা। মাঝমাঠে ভরসা ডি পল-লো সেলসো জুটি। তবে কোচ স্কালোনিকে সবচেয়ে নিশ্চিন্ত করছে দলের রক্ষণভাগ। পাঁচ ম্যাচে কোনও গোল হজম করেননি ক্রিশ্চিয়ান রোমেরোরা। দুর্গপ্রহরী এমিলিয়ানো মার্তিনেজও স্বপ্নের ফর্মে রয়েছেন। ব্রাজিলের লুকাস প্যাকেটা, রাফিনহা, জেসুস আক্রমণভাগের ভরসা। ড্যানিলো, মারকিউনসদের নিয়ে তৈরি ডিফেন্স বেশ মজবুত। তবে আর্জেন্টিনার ঘরের মাঠে খেলা। সেটা কিছুটা সুবিধা হতে পারে মেসিদের।