জার্মানির কারণে যুক্তরাজ্য-ইইউতে গ্যাসের দাম বাড়লো ১৭ শতাংশ

নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনের অনুমোদন বাতিল করেছে জার্মানি। গত সেপ্টেম্বরে সম্পন্ন হয়েছে এর কাজ। এটা দিয়েই রাশিয়া থেকে জার্মানি হয়ে ইউরোপের অন্যান্য রাষ্ট্রে গ্যাস যাওয়ার কথা রয়েছে। অনুমোদন বাতিলের খবরে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে গ্যাসের পাইকারি মূল্য ১৭ শতাংশ বেড়ে গেছে। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জার্মানি বলছে, পাইপলাইনটি নিয়ন্ত্রণকারী কোম্পানি জার্মান আইন মেনে চলছে না। প্রতিষ্ঠানটির কাঠামো জার্মান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এক হাজার কোটি ইউরোর এই প্রজেক্ট ফের অনুমোদিত করাতে হলে আইন মানতে হবে।

বাল্টিক সাগরের নীচে বানানো হয়েছে নর্ড স্ট্রিম ২। এটা চালু হলে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস রপ্তানি দ্বিগুণ হবে। প্রকল্পের এই সর্বশেষ ধাক্কার আগে গ্যাসের দাম ইতিমধ্যেই বেশি ছিল। গত বছর ইউরোপে শীতের কারণে সরবরাহের ওপর আরও চাপ পড়ে। ফলে সঞ্চিত গ্যাসের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম।