ভোট না দেওয়ায় বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর সাইফুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে এক বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় ওই বৃদ্ধকে পরদিন ১২ নভেম্বর  প্রাণনাশের হুমকি ও মারপিট করেছে মেম্বরের সহযোগীরা।

এ ঘটনায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বল্লভপুর গ্রামের হরিপদ রায়ের ছেলে ভুক্তভোগী সরজিত কুমার রায়। 

এছাড়া একইদিন আরও দুইজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

অভিযুক্ত মেম্বর সাইফুল ইসলাম বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় আমি জড়িত নই। ভোটের পরের দিন আমার সমর্থকরা উত্তেজিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে। তাদের মাফ চাইতে বলেছিলাম।’

প্রতীকী ছবি (সংগৃহীত)

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১১ নভেম্বর চৌগাছা উপজেলার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী ছিলেন বর্তমান মেম্বর সাইফুল ইসলাম বিশ্বাস। নির্বাচনে তার পক্ষে ভোট না করায় নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। ভোটে সাইফুল ইসলাম বিশ্বাস বিজয়ী হন। তাকে ভোট দিইনি অভিযোগ তুলে হিন্দুপাড়ার বাসিন্দাদের ওপর ক্ষুব্ধ হন। হিন্দুপাড়ার তিনজনকে হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকির বিষয়টি তাৎক্ষণিক মৌখিকভাবে পুলিশ সুপার ও ওসিকে জানানো হয়েছিল। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। 

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০১৫ সালে সাইফুল মেম্বরের নেতৃত্বে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কার্তিক বিশ্বাস ও সম্পাদক সরজিত কুমার রায়কে তুলে নিয়ে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে সাইফুল মেম্বর ও তার সহযোগীরা বল্লভপুর বাওড়ের শেয়ার অবৈধভাবে স্ট্যাম্প করে নেন বলে অভিযোগ পাওয়া যায়।