ভুটানের ভূমি দখল করে চীনের গ্রাম!

ডোকলাম মালভূমির কাছাকাছি এলাকায় ভুটানের ভূখণ্ডে গত এক বছর ধরে নির্মাণকাজ চালাচ্ছে চীন। সেখানের সীমান্তবর্তী প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এরই মধ্যে চারটি গ্রাম গড়ে তুলেছে তারা। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওপেন সোর্স ইন্টেলিজেন্স @ডিট্রেসফা বেশ কয়েকটি উপগ্রহ চিত্র টুইট করেছে। সেগুলোতে দেখা যাচ্ছে ভূমি দখল করে চীনের গ্রাম নির্মাণের চিত্র।

২০০৭ সালে ডোকলামে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়েছিল। তাই সেখানে চীনের এই প্রভাব ভারতের জন্য উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ বিষয়ে নয়াদিল্লি থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরেই সীমান্ত নিয়ে ভুটান ও চীনের মধ্যে বিতর্ক চলছে এবং থিম্পুর ওপর বেইজিং ক্রমাগত চাপ তৈরি করছে। এমন পরিস্থিতির মধ্যেই এবার উপগ্রহ চিত্রগুলো প্রকাশ পেলো।

বিশেষজ্ঞদের দাবি, উপগ্রহ চিত্রে কেবল চারটি গ্রাম ধরা পড়েছে। কিন্তু সেখানে চীনের তৈরি করা আরও গ্রাম থাকতে পারে। তাছাড়া গ্রাম নির্মাণ করা ‘চিকেনস নেক’ নামক ওই এলাকার ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক গুরুত্ব অনেক।