সাতক্ষীরার তালায় আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. আনাছার আলী সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) পাটকেলঘাটা-কেশবপুর সড়কের তালা উপজেলার বকশি গ্রামের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত আনাছার যশোর জেলার কেশবপুর উপজেলার চিংড়ি এলাকার বাসিন্দা।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক জোর্তিময় মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বুধবার সকালে মনোহরপুর গ্রামের বেয়াই একব্বর সরদারের বাড়িতে আত্মীয়ের মৃত্যুর খবর শুনে সেখানে যান আনছার। দুপুরে লাশ দাফন করে কুমিরা থেকে বাস যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় পথিমধ্যে কুমিরা ইউনিয়নের বকশি গ্রামের ইটভাটার সামনে তাকে গাড়িতে থেকে নামিয়ে দেয় হেলপার। ওই সময় তিনি বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরও জানান, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করে নিয়ে গেছে। তবে বাসের চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।