সংসদ সদস্যের নামে ভিত্তিহীন খবর প্রচারের অভিযোগে বিক্ষোভ 

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচারের অভিযোগ এনে শরীয়তপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শরীয়তপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের পূর্বে ও পরে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকগণ সংঘর্ষে জড়িয়ে পরে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুকে জড়িয়ে এবং গুলি বর্ষণের ঘটনার কথা উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু সমাবেশে বক্তারা দাবি করেন ঘটনার সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ঢাকায় ছিলেন। এছাড়া সংবাদে প্রকাশিত আহত জাকির হোসেন কোতোয়ালের দেহে কোনো গুলির চিহ্ন ছিল না। তারা এই প্রকাশিত সংবাদের মিথ্যাচারের নিন্দা করেন এবং সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

এসময় আয়োজিত বিক্ষোভে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, সদস্য এডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগ সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।