আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় মো. শহিদুল্লাহ (৫০) নামে এক হস্তচালিত তাঁতের শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বাঘানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল্লাহ ওই গ্রামের হোসেন আলীর ছেলে। 

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনার সময় শাহপরান ও উজ্জল নামের দুই ব্যক্তি নরসিংদীর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য একটি মোটরসাইকেল করে রওনা দেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি বাঘানগর এসে রাস্তার পাশ দিয়ে পথচারী শহিদুল্লাহকে ধাক্কা দেয়। এতে শহিদুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা মোটরসাইকেলটি জব্দ করলেও চালক ও আরোহী পালিয়ে যায়। মোটরসাইকেল আরোহীদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর বলে জানা গেছে।