সাভারে অপহরণের ৯ দিন পর দুই কিশোরী উদ্ধার, আটক ১

সাভারে অপহরণের ৯ দিন পর দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) রাতে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এর আগে গত ১১ নভেম্বর সাভার পৌর এলাকার শাহীবাগ আইচানোয়াদ্দা এলাকা থেকে তারা অপহৃত হয়েছিল। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে জারিফুল ইসলাম (২৭) নামে ১ জনকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জারিফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার আব্দুস সাত্তারের ছেলে। সে সাভার পৌর এলাকার শাহীবাগ আইচনোয়াদ্দা মহল্লায় থেকে মুরগীর ব্যবসা করতো। এ ঘটনায় অপহরণের শিকার কিশোরীর মা বাদি হয়ে সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

থানার এজাহার সূত্রে জানা গেছে, সাভারের আইচানোয়াদ্দা এলাকার বাসা থেকে ঘুরতে বের হয় দুই কিশোরী এসময় প্রাইভেটকারে তুলে নিয়ে তাদেরকে অপহরণ করে জারিফুল। পরদিন থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। অভিযোগের ভিত্তিতে গত ১৪ নভেম্বর অভিযুক্ত জারিফুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গত ১৮ নভেম্বর তাকে আদালতে পাঠানো হয়। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। 

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, দুই কিশোরীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। সেখানে তারা যে জবানবন্দী প্রদান করবে তার উপর ভিত্তি করেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।