বাড়িতে বাবার লাশ, পরীক্ষা কেন্দ্রে মেয়ে

বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেয়ে রাজিয়া ইসলাম নিছার। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও এস.এস.সি পরীক্ষার্থী রাজিয়া ইসলাম নিছার বাবা মিজানুর রহমান বাবু (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২১ নভেম্বর) ভোরে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান। একই দিনে সকালে পরীক্ষা ছিল নিছার।

শিক্ষার্থীর স্বজনরা জানায়, রবিবার নিছার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন ছিল। এরমধ্যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে সিলেট উইমেন্স হাসপাতালে মারা যান। মৃত্যুর পর বাবা হারা নিছা ভেঙে পড়লেও স্বজন ও শিক্ষকদের উৎসাহে সে আজ সকালে উপজেলার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করে। 

পতনঊষার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ জানান, নিছার বাবার মৃত্যুর বিষয়টি আমরা শুনে সকালে তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। পরে তাকে পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়। কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল জানান, নিছা সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। আমরা তার সার্বক্ষণিক খেয়াল রাখছি।