ভেঙে যাবে তাদের দাম্পত্য। রাজ কুন্দ্রার থেকে আলাদা হয়ে যাবেন শিল্পা শেট্টি। পর্নকাণ্ডে রাজের নাম জড়ানোর পর থেকে এমনই গুঞ্জনে মুখর ছিল বলিউড। এবার সব জল্পনার অবসান ঘটালেন শিল্পা। ১২ তম বিবাহবার্ষিকীতে অভিনেত্রীর খোলা চিঠি স্বামীকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার দিয়ে শিল্পা লিখলেন, ‘এই দিনে, এই মুহূর্তে আজ থেকে ১২ বছর আগে আমরা একে অপরকে একটা কথা দিয়েছিলাম। ভাল সময়ে সঙ্গে থাকার, কঠিন সময়ে পাশে থাকার, ভালবাসায় ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলাম। ১২ বছর কেটে গিয়েছে। আর দিন গুনছি না। শুভবিবাহবার্ষিকী, কুকি।’
পর্নকাণ্ডে জামিন পাওয়ার পর নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রাজ। দিন কয়েক আগেই জনসমক্ষে এসেছেন তিনি। সঙ্গে ছিলেন শিল্পা। ধর্মশালার একটি মন্দিরে একসঙ্গে পৌঁছে গিয়েছিলেন তারা। রাজের হাতে হাত রেখেই সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন শিল্পা। রং মিলিয়ে দু’জনেই পরেছিলেন হলুদ পোশাক। বিতর্ক-সমালোচনা-কটাক্ষ সামলেই একে অপরের সঙ্গে দিন যাপন তাদের। মনোমালিন্যের মেঘ সরিয়ে নিজেদের মতো করে খুশি রাজ-শিল্পা। সে কথাই যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল।
ইত্তেফাক/বিএএফ