ভারতের পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটিতে প্রচারণায় গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সোমবার (২২ নভেম্বর) রাজ্যের লুধিয়ানায় স্থানীয় অটো ও ক্যাব চালকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন তিনি। এ সময় অটো চালকদের প্রতি আহ্বান জানিয়ে এই নেতা বলেন, তারা যেন যে কোনো প্রয়োজনে তাকে জানায়। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এক অটো চালক বলেন, ‘আমি আপনার বড় ভক্ত এবং একজন অটো চালক। স্যার, আপনি অটো চালকদের অনেক সহায়তা করেছেন। স্যার, আপনি কি এই গরীব অটো চালকের বাড়িতে এক বেলা খাবার খাওয়ার জন্য আসবেন? আমি মন থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।’
জবাবে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘অবশ্যই, আজ হলে কেমন হয়?’ অটো চালক বলেন, ‘শুধু আজ রাতে।’ এ সময় কেজরিওয়াল জিজ্ঞেস করেন, ‘আমি কি ভগবন্ত, হরপাল সিংকেও (চিমা) সঙ্গে আনতে পারি?’ এই দুইজন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী। জবাবে অটো চালক সেটিও গ্রহণ করেন। সঙ্গে সঙ্গেই হলরুমে ‘কেজরিওয়াল জিন্দাবাদ, কেজরিওয়াল দীর্ঘজীবী’ হোন স্লোগান ওঠে।
পরে সভা শেষে ওই অটো চালকের বাড়িতে ডিনার সেরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এর একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যাচ্ছে, মেঝেতে বসে খাবার খাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।
ডিনার শেষে হিন্দি ভাষায় একটি টুইট করেন এই নেতা। সেখানে তিনি বলেন, ‘আজ ডিনারের জন্য দিলিপ তিওয়ারি (অটো চালক) মন থেকে তার বাড়িতে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। তার পরিবার আমাদের অনেক ভালোবাসা দিয়েছে। খাবার অনেক সুস্বাদু ছিল। আমিও তার পরিবারকে দিল্লিতে আমার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’
दिलीप तिवारी ने आज दिल से हमें अपने घर खाने पे बुलाया। उनके परिवार ने इतना प्यार दिया। बेहद स्वादिष्ट भोजन। मैंने उनके पूरे परिवार को दिल्ली में अपने घर अब खाने का आमंत्रण दिया। https://t.co/PqCLUue4pm
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 22, 2021