ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্টারের দায়িত্বপ্রাপ্ত এ.টি.এম এমদাদুল আলম দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ১ বছর ৭ মাস বন্ধ ছিল। এই ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা হ্রাস পাওয়ায় সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল অফিস খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে একই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময়ের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।