চট্টগ্রামের সীতাকুণ্ডে ভুয়া র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার সময় সীতাকুণ্ড উপজেলা গেট থেকে তাকে আটক করা হয়। প্রতারক রাশেদ সীতাকুণ্ডের দোয়াজী পাড়া গ্রামের নুর আলীর ছেলে।
র্যাব-৭-এর সকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট ল্যাফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, রাশেদ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে নিজেকে র্যাব সদস্য বলে পরিচয় দিয়ে লোকজনের সাথে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিতো।
তিনি আরও বলেন, সোমবার এক ভুক্তভোগীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের সত্যতা পাই। পরে সীতাকুণ্ড উপজেলা গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়। রাশেদকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।