ভোলায় ৫০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

জেলার সদর উপজেলায় আজ অস্বচ্ছল ৫০ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ্বী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, দৌলতখান উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হুমায়ুন কবির।


সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও ভোলা সদর উপজেলা পরিষদ তহবিল থেকে প্রাপ্ত প্রায় প্রতিটি হুইল চেয়ারের মূল্য ৬ হাজার ৮’শ টাকা করে। চেয়ারপ্রাপ্ত একাধিক ব্যক্তি জানিয়েছেন, চেয়ার পাওয়ার ফলে সমাজে তাদের মূল্যায়ন ও মর্যাদা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তাদের সাথে স্বজনরা উপস্থিত ছিলেন।