ভোলায় প্রাপ্ত গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গোল টেবিল বৈঠক

“ভোলায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে আমাদের ভূমিকা” শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় সামাজিক সংগঠন ব-দ্বীপ ফোরাম, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের যৌথ আয়োজনে ও আইসিডিএফের সার্বিক সহযোগিতায় ভোলা সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

এখানে বক্তারা বলেন, ভোলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই গ্যাসকে কাজে লাগিয়ে জেলায় গড়ে উঠতে পারে শিল্পকারখানা ও ইপিজেড প্রতিষ্ঠান। ভোলা শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে বাপেক্সের মাধ্যমে উত্তেলিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন খুবই প্রয়োজন। যার মাধ্যমে ভোলার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এসময় ৫ দফা দাবি তুলে ধরা হয়।

স্থানীয় দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইফনুছ হাজী, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ঢাকাস্থ ভোলা সদর উপজেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া জাহাঙ্গীর প্রমুখ।

আলোচনা সভায় প্রবন্ধপাঠ করেন, ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশারেফ অমি। অনুষ্ঠান উপস্থাপন করেন, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আদিল হোসেন তপু ও বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম শাহরিয়ার জিলন।