ডিএনসিসির গাড়ির ধাক্কায় কবির খানের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত আহসান কবির খান (৪৫) দেশের গণমাধ্যম প্রথম আলোর সাবেক কর্মীর মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএনসিসি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঘটনার পর ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাজুল ইসলাম বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য ডিএনসিসির পক্ষ থেকে কমিটিকে বলা হয়েছে।

জানা গেছে, ডিএনসিসি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামকে আহ্বায়ক এবং মহাব্যবস্থাপক (পরিবহন) মো. মিজানুর রহমানকে সদস্য সচিব করে তদন্ত কমিটিটি গঠন করা হয়। কমিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আবুল হাসনাত মো. আশরাফুল আলমকে সদস্য করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পান্থপথে ফার্নিচার দোকানের সামনে বেলা আড়াইটার দিকে ডিএনসিসির একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহমেদ কবির নামে একজন নিহত হন। ঘটনার পর ডিএনসিসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলো।