আগামী ২৮ নভেম্বর হাটহাজারী উপজেলার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। বিকেল হলেই শুরু হয় উচ্চস্বরে বিভিন্ন প্রার্থীর নির্বাচনি প্রচারণামূলক মাইকিং আর শোডাউন। এসব মাইকিংয়ে শব্দে বিরক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাস অভ্যন্তরে নির্বাচনি মাইকিং চলছে। এখন প্রায় প্রত্যেক বিভাগেই চলছে পরীক্ষা। বিকেল হলেই এসব মাইকের উচ্চশব্দে পড়ায় মন বসাবো কঠিন হয়ে পড়ে৷ তাই ক্যাম্পাস অভ্যন্তরে নির্বাচনি মাইকিংয়ের গাড়ি প্রবেশ না করার দাবি তাদের।
সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী নুরে আলম বলেন, আমার পরীক্ষা চলছে। সন্ধ্যায় নির্বাচনি মাইকিংয়ের কারণে টেবিলে মনোযোগ দিতে পারি না। ক্যাম্পাসের ভেতরে নির্বাচনি মাইকিং না করার অনুরোধ কর্তৃপক্ষের প্রতি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দৈনিক ইত্তেফাককে বলেন, প্রথম দিকে আমাদের নিরাপত্তাকর্মীরা প্রচারণামূলক মাইকিং গাড়ি ঢুকতে বাঁধা দিয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আমার কাছে ফোন করে বলছে- কিছু ভোট নাকি তাদের এদিকে আছে। তারা আগেও এভাবে মাইকিং করেছে।