ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে দেলোয়ার হোসেন দুলাল (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। মৃত দুলাল গোগর-ঝাড়বাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ ওরফে ফেদু মেম্বারের ছেলে।
রাণীশংকৈল থানার এস আই খাজিমউদ্দিন জানান, কৃষক দুলাল ঘটনার দিন সকাল ৮ টা দিকে বিক্রির জন্য সবজি নিয়ে মোটরসাইকেলযোগে রাণীশংকৈল বাজারে আসছিলেন। পথিমধ্যে রফিক ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় পড়ে থাকা গুরুতর আহত দুলালকে স্থানীয়রা পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ মৃত্যুর খবর নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল।